নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: পুরাতন মালদায় অবৈধভাবে মজুত রাখা পেইনকিলার ওষুধের কারবারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার বেহুলা ব্রিজ সংলগ্ন একটি কুরিয়ার পরিষেবার গোডাউনে হানা দিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
গোডাউনে ওষুধ মজুত রাখার ক্ষেত্রে কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ বালুরঘাট থানার পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। ঘটনাস্থল থেকে সাইন খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ধৃতের বাড়ি কালিয়াচক এলাকায় বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া ওষুধের বৈধতা, মজুতের উদ্দেশ্য এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

