পুরোনো বিবাদের জেরে মুর্শিদাবাদে নৃশংস খুন – চাঞ্চল্য নবগ্রামে

নিজস্ব সংবাদদাতা   :: সংবাদ প্রবাহ :: নবগ্রাম :: রবিবার ১২,জুলাই :: সাত সকালে রক্তাক্ত মুর্শিদাবাদ। পুরোনো বিবাদের জেরে এক বৃদ্ধকে হাসুয়া দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।

আজ, রবিবার সকাল আনুমানিক সাড়ে আটটা নাগাদ নৃশংস এই হত্যাকান্ড ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত খাজুরিয়া এলাকায়।

এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত বৃদ্ধের নাম নফল শেখ (৬২)। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও তিনি দুধ বিক্রি করতে গিয়েছিলেন।

এরপর গরুর জন্য ঘাস আনতে খাজুরিয়া ফিল্ড সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকাই তাঁর ওপর চড়াও হয় অভিযুক্ত হাবু শেখ (৬০) ।

অভিযোগ, ধারালো হাসুয়া নিয়ে নফল শেখের ওপর অতর্কিত হামলা চালায় হাবু। জনসমক্ষেই তাঁকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নফল শেখ।

মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত হাবু শেখের সঙ্গে তাদের দীর্ঘ পুরোনো জায়গা-জমি এবং বাড়ি তৈরি সংক্রান্ত বিবাদ ছিল। সেই পুরোনো আক্রোশের জেরেই নফল শেখকে একা পেয়ে পরিকল্পিতভাবে খুন করেছে হাবু এমনটাই অভিযোগ গানের পরিবারের সদস্যরা।

ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবু শেখ এলাকা ছেড়ে পলাতক। এদিকে সাতসকালে এমন নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়াতেই খাজুরিয়া এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ প্রশাসন।

তারা উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। মৃত নফল শেখের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। অভিযুক্ত হাবু শেখের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা এবং তার ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের ছেলে, পুত্রবধূ সহ অন্যান্য সদস্যরা।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে নবগ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 17 =