‘পুষ্পা’ জাহাঙ্গীরের পর এবার স্ত্রী, পুলিশের জালে রেজিনা বিবি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: রবিবার ২১,জুন :: দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকায় বহুল আলোচিত থানা হামলা-কাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে জাহাঙ্গীর খানের স্ত্রী রেজিনা বিবিকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ।

শনিবার গোপন সূত্রে খবর পেয়ে জুলপিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ফলতা থানায় হামলা, উত্তেজনা ছড়ানো এবং অভিযুক্ত জাহাঙ্গীর খানকে জোর করে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রে রেজিনা বিবির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

পুলিশের দাবি, ফলতা থানা চত্বরে ঘটে যাওয়া অশান্তির ঘটনার নেপথ্যে শুধু কয়েকজন উচ্ছৃঙ্খল সমর্থক নয়, বরং সুপরিকল্পিত একটি চক্র সক্রিয় ছিল।

সেই চক্রের অন্যতম সংগঠক ছিলেন রেজিনা বিবি। অভিযোগ, তিনি নিজেই একদল লোকজনকে সংগঠিত করে থানায় নিয়ে আসেন এবং জাহাঙ্গীর খানকে মুক্ত করার দাবিতে চাপ সৃষ্টি করেন।

পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং একসময় তা পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষে পরিণত হয়। তদন্তে উঠে এসেছে, হামলার সময় থানার বাইরে এবং ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়, সরকারি সম্পত্তি নষ্ট করারও অভিযোগ রয়েছে।

পুলিশকর্মীদের কাজে বাধা সৃষ্টি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরই থানায় দায়ের হয় একাধিক মামলা। রেজিনা বিবির বিরুদ্ধে আগেই এফআইআর রুজু করা হয়েছিল।

তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক গুরুতর ধারায় মামলা রয়েছে। শুধু তাই নয়, নতুন করে অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনের ধারাও যুক্ত করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, থানা ঘেরাওয়ের সময় হামলাকারীদের হাতে বিপজ্জনক অস্ত্র এবং বিস্ফোরক জাতীয় সামগ্রী থাকার ইঙ্গিত মিলেছে। সেই সূত্র ধরেই আরও গভীর তদন্ত শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =