নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ২৮,জুলাই :: বিনা লাইসেন্সে গবাদিপশু জবাই করে গোমাংস বিক্রির অভিযোগকে কেন্দ্র করে কালনার ধর্মডাঙ্গা এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও অভিযুক্তদের ওই এলাকায় গোমাংস নিয়ে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়েছিল।
সেই সতর্কবার্তা উপেক্ষা করে সোমবার ফের গোমাংস নিয়ে বিক্রির উদ্দেশ্যে এলাকায় আসায় গ্রামবাসীরা তাদের ধাওয়া করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ধাওয়ার মুখে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও অপর একজনকে ধরে ফেলেন এলাকাবাসী। পরে তাকে আটকে রেখে কালনা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম খোকন মোল্লা। তার বাড়ি কালনার রুকুশপুর এলাকায়। এলাকাবাসীদের দাবি, তারা গোমাতাকে পূজা করেন। সেই কারণে হিন্দু অধ্যুষিত এলাকার উপর দিয়ে গোমাংস নিয়ে বিক্রি করতে আসায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
তাদের অভিযোগ, আগে থেকেই অভিযুক্তদের ওই এলাকায় না আসার জন্য বারণ করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই ফের একই কাজ করা হয়েছে। অন্যদিকে, ধৃত খোকন মোল্লার দাবি, তিনি আরও তিনজনকে নিয়ে সপ্তাহে একদিন গোমাংস বিক্রির ব্যবসা করেন।
তার বক্তব্য, “আমাকে আগে কেউ বারণ করেনি। ব্যবসা করতে গিয়েছিলাম, সেখান থেকেই আমাকে ধরে নিয়ে আসা হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে পশু জবাই সংক্রান্ত প্রযোজ্য আইন, গবাদিপশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং খোলা স্থানে পশু জবাই সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

