নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: মঙ্গলবার ২৮,জুলাই :: পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে গোমাতাকে ‘রাষ্ট্রীয় মাতা’ ঘোষণার দাবিতে ডেপুটেশন জমা দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস।
সোমবার বিকালে চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় বাসটির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জানা গিয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের সদস্যরা পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে মেদিনীপুরে গিয়েছিলেন।
সেই কর্মসূচিতে ক্ষীরপাই থেকেও একটি বাসে বহু সদস্য অংশগ্রহণ করেন। ডেপুটেশন শেষে ফেরার পথে কালিকাপুর এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনায় প্রায় ৪০ জন আহত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চন্দ্রকোনা ও ক্ষীরপাই হাসপাতালে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

