নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খণ্ডঘোষ :: সোমবার ৩১,আগস্ট :: পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত ৪ নম্বর মণ্ডলের খাটিকা গ্রামের ২০৪ নম্বর বুথে একটি বসতবাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, আয়েশা বিবি হাজারীর বাড়িটি গভীর রাতে আচমকাই ভেঙে পড়ে। পরিবারের দাবি, দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে পরিবারের মোট আটজন সদস্য উপস্থিত ছিলেন।
বাড়ি ভেঙে পড়ার বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সকলেই দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেত্রী রাখি রায়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে ফোনে জানান। রাখি রায় জানান, বিপদের এই সময়ে বিজেপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে।
পাশাপাশি পরিবারটির অস্থায়ী থাকার ব্যবস্থা এবং সরকারি আবাস যোজনার মাধ্যমে দ্রুত একটি পাকা বাড়ির ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

