প্রতিকূল আবহাওয়া, আকাশভরা মেঘ আর ঝিরঝির বৃষ্টিও দমাতে পারল না ভক্তদের অগাধ বিশ্বাস।

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: সোমবার ২০,জুলাই :: প্রতিকূল আবহাওয়া, আকাশভরা মেঘ আর ঝিরঝির বৃষ্টিও দমাতে পারল না ভক্তদের অগাধ বিশ্বাস। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ঐতিহ্যবাহী জল্পেশ বাবা ধামে শ্রাবণী মেলার প্রথম দিনেই লক্ষ করা গেল ভক্তদের উপচে পড়া ভিড়।

উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-সহ দূরদূরান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী পবিত্র জল নিয়ে এসে বাবা জল্পেশের শিবলিঙ্গে জল নিবেদন করেন। সকাল থেকেই মন্দির চত্বরে ছিল ভক্তি, আস্থা ও ধর্মীয় আবেগের এক অনন্য পরিবেশ।

                                                                         জল্পেশ নাগরিক কমিটির সম্পাদক 

তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণামতো শ্রাবণের প্রথম সোমবার মন্দির চত্বরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির কর্মসূচি প্রতিকূল আবহাওয়ার কারণে আয়োজন করা সম্ভব হয়নি। বৃষ্টির জন্য সেই কর্মসূচি স্থগিত রাখতে হয় বলে জানা গেছে।

জল্পেশ নাগরিক কমিটির সম্পাদক রজনীকান্ত রায় জানান, “এ বছর শ্রাবণী মেলার প্রথম দিনেই প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও অন্যান্য বছরের তুলনায় ভক্তদের উপস্থিতি অত্যন্ত ভালো হয়েছে।

এমন আবহাওয়ার মধ্যেও এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা সত্যিই আশা করিনি। বাবা জল্পেশ সকলের মঙ্গল করুন, বিশ্বের মঙ্গল করুন এবং সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক—এই প্রার্থনাই করি।”

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভক্তদের এই উৎসাহ ও ভক্তিভাব প্রমাণ করে, জল্পেশ ধামের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা আজও অটুট। আগামী কয়েকদিনে শ্রাবণী মেলায় আরও বহু ভক্তের সমাগম হবে বলে আশা করছে প্রশাসন ও আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 5 =