সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: ফের বিপর্যয়ের মুখে শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ। দুধিয়া এলাকায় প্রবল জলের তোড়ে হিউম পাইপ দিয়ে তৈরি একটি সেতু ভেঙে যাওয়ায় কার্যত সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এর জেরে এই গুরুত্বপূর্ণ সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুধিয়া এলাকায় জলস্তর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি প্রবল স্রোতের কারণে হিউম পাইপের সেতুটির একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় বাস ও ট্রাকের মতো ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আপাতত ছোট গাড়ি চলাচলের জন্য রাস্তা সচল রাখার চেষ্টা করা হচ্ছে। ফলে ছোট গাড়িতে যাতায়াত করা গেলেও বড় গাড়ির ক্ষেত্রে সম্পূর্ণভাবে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
শিলিগুড়ি ও মিরিকের মধ্যে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। পাশাপাশি এই রুটে একাধিক সরকারি বাসও নিয়মিত চলাচল করে। কিন্তু সেতু ভেঙে যাওয়ার কারণে আপাতত সেই সমস্ত সরকারি বাস পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। কতদিন এই পরিষেবা বন্ধ থাকবে, তা এখনও স্পষ্ট নয়।
অনির্দিষ্টকালের জন্য সরকারি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার সময় দুধিয়া ও সংলগ্ন এলাকায় জল ও পাহাড়ি স্রোতের কারণে রাস্তা ও সেতুর উপর বারবার চাপ তৈরি হয়।
গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থার দ্রুত স্থায়ী সমাধান না করা হলে আগামী দিনে আরও বড় সমস্যা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
বর্তমানে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। সেতুটি দ্রুত মেরামত করে ভারী যানবাহন চলাচলের উপযোগী করে তোলার দাবি উঠেছে। শিলিগুড়ি-মিরিক রুটে সরকারি বাস পরিষেবা কবে স্বাভাবিক হবে, এখন সেদিকেই তাকিয়ে যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।

