বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলিগুড়ি পুরনিগম, জেনারেটর রুমে আগুন

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ২২,জুলাই :: বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল শিলিগুড়ি পুরনিগম। বুধবার  সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ পুরনিগম ভবনের জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় প্রতিদিনের মতোই পুরনিগমের বিভিন্ন বিভাগে কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন।

হঠাৎ “আগুন, আগুন” চিৎকার শুনে কর্মীরা ছুটে যান জেনারেটর রুমের দিকে। প্রাথমিকভাবে জানা যায়, বিদ্যুৎ সংযোগে অতিরিক্ত চাপ পড়ায় জেনারেটর রুমের মেন ইলেকট্রিক বক্সে আগুন ধরে যায়।

ঘটনার খবর পেয়ে দমকলকে খবর দেওয়া হলেও, তারা পৌঁছানোর আগেই পুরনিগমের কর্মীরা দ্রুত উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শিলিগুড়ি পুরনিগমের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত বাস্তুকার দেবব্রত মজুমদার জানান, আগুনের তীব্রতা খুব বেশি ছিল না। কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার পর বিদ্যুৎ ব্যবস্থার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অতিরিক্ত চাপের কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুরনিগম সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =