বনহোগলা গ্রামে আবাস যোজনার কাটমানি ফেরত দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

জাকির আলী  :: সংবাদ প্রবাহ :: ফলতা :: শনিবার ১১,জুলাই :: দক্ষিণ ২৪ পরগনার ফলতা ব্লকের বেলসিং অঞ্চলের বনহোগলা গ্রামে আবাস যোজনার কাটমানি ফেরত দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, পলাতক তৃণমূলের বেলসিং অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল এবং তাঁর কয়েকজন অনুগামী গ্রামবাসীদের হাতে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা ফিরিয়ে দেন।

স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত গুরুপদ মণ্ডল ও তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরে আবাস যোজনাসহ বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে ২০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত কাটমানি আদায় করতেন।

অভিযোগ রয়েছে, বেলসিং অঞ্চলের ১৮৩ নম্বর বুথ থেকেই প্রায় ২৫ লক্ষ টাকার বেশি কাটমানি তোলা হয়েছিল।

গ্রামবাসীদের দাবি, আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকার অনুদান থেকে অনেকের কাছ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। আবার কারও কাছ থেকে ৪০ হাজার, ৩০ হাজার, ২০ হাজার কিংবা ১৭ হাজার টাকাও আদায় করা হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল এলাকায়।

অভিযোগের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। এরপর পলাতক গুরুপদ মণ্ডলের স্ত্রী সুচিত্রা মণ্ডল, সহদেব মালিক ও দীপঙ্কর মালিকের উপস্থিতিতে গ্রামবাসীদের হাতে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফিরে পেয়ে বহু গ্রামবাসী স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন।

তবে এই অভিযোগের বিষয়ে গুরুপদ মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 9 =