বর্ধমানের ইউআইটি কলেজে বিশ্বকর্মা পুজোকে নিয়ে উত্তেজনা – এ বি ভি পি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১০,সেপ্টেম্বর :: বিশ্বকর্মা পুজো করা নিয়ে এবিভিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র বর্ধমানের ইউআইটি কলেজ। আহত বেশ কয়েকজন ছাত্র। আহতদের মধ্যে ৩-৪ জনের অবস্থা গুরুতর। তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনায় কলেজ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বর্ধমান থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

হোস্টেলে থাকা ছাত্রদের দাবি, বিশ্বকর্মা পুজো করার জন্য দুটি আলাদা হোস্টেলের ছাত্ররা প্রিন্সিপালের কাছে আলাদাভাবে লিখিত অনুমতি চায়। প্রিন্সিপাল উভয় পক্ষকেই পুজো করার অনুমতি দেন। তাতেই বিপত্তি।

অভিযোগ, বুধবার সন্ধ্যায় এবিভিপির এক পক্ষের ছাত্ররা অন্য পক্ষের ছাত্রদের ওপর চড়াও হয়। রড, বাঁশ নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কলেজের একাংশ ছাত্রের অভিযোগ, ইউআইটি কলেজে বাঙালি ও নন-বেঙ্গলি তথা বিহারী ছাত্রদের মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।

বহিরাগতরা নিজেদের এবিভিপির কর্মকর্তা পরিচয় দিয়ে কলেজে ঢুকে নন-বেঙ্গলি ছাত্রদের মারধর করে। আজও একই ঘটনা ঘটেছে। কলেজের অধ্যক্ষ জানান, ঘটনার সময় এবিভিপির ছাত্র ও বেশ কিছু বহিরাগত যুবক রড, বাঁশ নিয়ে তাঁর ঘরে ঢুকে ভাঙচুর চালায়।

তিনি বলেন, “আমি এবং আরও দুজন স্টাফ ঘরে ছিলাম। আমাদের ওপরেও চড়াও হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। কিন্তু আমার ঘরের সমস্ত জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।” ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + three =