মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিবাস, আহত মহিলা ও শিশু

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: বৃহস্পতিবার ১০,সেপ্টেম্বর :: আসানসোলের কুলটির নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় প্রবল বৃষ্টির মধ্যে দুর্ঘটনার কবলে পড়ল একটি মিনিবাস।

আচমকা সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় এক মহিলা ও এক শিশু আহত হয়েছে।

জানা যায়, নিয়ামতপুর ফাঁড়ি এলাকার টিনাকুড়ি থেকে রানিগঞ্জের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। প্রবল বৃষ্টির মধ্যে চলার সময় আচমকা একটি মোটরসাইকেল বাসটির সামনে চলে আসে।

মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি রাস্তার ধারের নরম মাটিতে চলে যায় এবং সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাসটি উদ্ধার করা হয়।

দুর্ঘটনায় আহত মহিলা ও শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =