বর্ধমানে বুলডোজার অভিযান – ৪নম্বর ওয়ার্ডের তৃনমূলের কাউন্সিলরের অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৩,জুন :: অভিযোগের জেরে বুলডোজার অভিযান, রাস্তা দখল করে দোকান ঘর বন্ধ করে শাসকদলের ক্ষমতার অপব্যবহার করে ৪নম্বর ওয়ার্ডের তৃনমূলের কাউন্সিলরের উদ্যোগে গড়া অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন

এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ও গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্রের ভিত্তিতে অবশেষে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো বর্ধমান পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের রাস্তার উপর গড়ে ওঠা একটি অবৈধ নির্মাণ।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির সামনের দোকান বন্ধ করে রাস্তার অংশ দখল করে নির্মাণকাজ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।

এর ফলে পথচলতি মানুষ ও এলাকার বাসিন্দাদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানান।

পাশাপাশি গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদনও করা হয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন তদন্ত করে এবং অবৈধ নির্মাণের সত্যতা পাওয়ার পর শুক্রবার বুলডোজার নিয়ে অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতিতে রাস্তার উপর থাকা ওই নির্মাণ ভেঙে ফেলা হয়।

এদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ,বর্ধমানের ৪নম্বর ওয়ার্ডের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলর নুরুল আলম ক্ষমতার অপব্যবহার করে তার উদ্যোগেই ওই নির্মাণকাজ হয়েছিল। যদিও এই অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট কাউন্সিলরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − six =