নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শুক্রবার ২৬,জুন :: রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর এবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বসিরহাট জেলার বিজেপির সহ-সভাপতি রাজেন্দ্র কুমার সাহা ওরফে সামুর বিরুদ্ধে এবার পথে নামল বিজেপির একাংশ নেতাকর্মী সমর্থকরা।
হাতে প্ল্যাকার্ড নিয়ে বসিরহাট বিজেপি জেলা পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া বিধানসভা এলাকা গোপালপুর অঞ্চল এলাকার মানুষের প্রধান জীবিকা মূলত মাছের ভেড়ি। মাছের ভেড়ি করে মাছ চাষ করেই এখানে জীবিকা নির্বাহ করেন অনেকেই।
বাম জমানা থেকে শুরু হয় এখানে মাছের ভেড়ির দখলদারি, তারপর তৃণমূলের আমল। রাজ্যের পালা পরিবর্তনের পর মাছের ভেড়ির দখলদারি নিয়ে এবার নাম জড়ালো বিজেপির।
এলাকার বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, ৪ ঠা মে এর পর এলাকা তৃণমূল নেতাদেরকে সঙ্গে নিয়ে মাছের ভেড়ির দখলদারি শুরু করে বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি রাজেন্দ্র কুমার সাহা। কাঠমানি থেকে শুরু করে মেছো ঘেরির ভাগ সবেতেই নাম জড়ায় রাজেন্দ্র কুমার সাহার বিরুদ্ধে।
এলাকার পুরানো বিজেপির নেতাকর্মীরা এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে রাজেন্দ্র কুমার সাহা , তাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায় বলে অভিযোগ। বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার রাস্তায় নামল বিজেপি।
এদিন সকালে বসিরহাট বিজেপির জেলা পার্টি অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ বিজেপির একাংশ।
দলের উচ্চ নেতৃত্বের কাছে তারা একটি স্মারকলিপি ও জমা দিয়েছেন। যদিও বা যার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সেই বিজেপি নেতা রাজেন্দ্র কুমার সাহা তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের কথা পুরোপুরি অস্বীকার করেছেন।

