নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: উখরা :: শুক্রবার ২৬,জুন :: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল অন্ডাল থানার উখরা আউটপোস্টের পুলিশ।
এদিনের এই র্যালিটির সামনেই ছিলেন উখড়া আউটপোষ্টের আইসি প্রীতম পাল ও ফাঁড়ির অন্যান্য অফিসাররাও ।
এদিন উখরার কুঞ্জ বিহারী ইনস্টিটিউশনের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উখরার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। ছাত্র-ছাত্রীদের হাতে ছিল মাদকবিরোধী বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন।
স্লোগানের মাধ্যমে তারা সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করার আহ্বান জানায় এবং মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরে। উখরা আউটপোস্টের পুলিশ আধিকারিকরা জানান, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এই সামাজিক ব্যাধির হাত থেকে রক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পুলিশ কর্মী এবং বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। তাদের সম্মিলিত বার্তা ছিল একটাই “মাদক নয়, সুস্থ জীবনই হোক আগামী দিনের অঙ্গীকার।”

