বিজেপির মহিলা নেত্রীকে হেনস্থার অভিযোগ, অভিযুক্ত দলীয় শক্তি প্রমুখ; উত্তপ্ত দুর্গাপুরের কোকওভেন এলাকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৬,জুন :: বিজেপির এক মহিলা নেত্রীকে হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বীরভানপুর এলাকায় বৃহস্পতিবার রাত ১১ টায়। অভিযোগের তির বিজেপিরই শক্তি প্রমুখ নিমাই তন্তুবায়ের বিরুদ্ধে।

ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভাইরাল ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

বীরভানপুর এলাকার বিজেপির সক্রিয় নেত্রী মালতি বাউরির অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের ফর্ম ফিল-আপকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত।

তাঁর দাবি, নিমাই তন্তুবায় সরকারি প্রকল্পের ফর্ম নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন, যার ফলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে প্রতিবাদ করতেই তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মালতি বাউরি আরও অভিযোগ করেন, দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩ নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার সুযোগ নিয়ে নিমাই তন্তুবায় এলাকায় দীর্ঘদিনের বিজেপি কর্মীদের কোণঠাসা করে রাখছেন।এই ঘটনার প্রতিবাদে কোকওভেন থানায় জড়ো হন একাধিক বিজেপি কর্মী।

অভিযুক্ত নিমাই তন্তুবায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপির দুর্গাপুর পশ্চিম বিধানসভার ৩ নম্বর মণ্ডল সভাপতি তেজনারায়ণ মণ্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 15 =