বাঁকুড়ায় মোদীর হুঙ্কার : মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বিরোধীদের নিশানা মোদীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: রবিবার ১৯,এপ্রিল :: ভোটের মুখে বাঁকুড়ার বড়জোড়ায় নির্বাচনী পারদ চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলার ১২ জন বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে তৃণমূল সরকারকে ‘নির্মম’ ও ‘আদিবাসী বিরোধী’ বলে তীব্র আক্রমণ শানালেন তিনি।

মহিলা সংরক্ষণ বিল থেকে শুরু করে রাষ্ট্রপতিকে অপমান— একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বিঁধলেন মোদী। একইসঙ্গে দিলেন একগুচ্ছ বড় প্রতিশ্রুতি।

বাঁকুড়ার সভা থেকে প্রধানমন্ত্রী সরাসরি তৃণমূল ও কংগ্রেসকে নিশানা করে বলেন, “টিএমসি এবং কংগ্রেস কখনই চায় না সংসদে মহিলাদের সংখ্যা বাড়ুক।”

তাঁর অভিযোগ, বিরোধীরা জোটবদ্ধ হয়ে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করেছে। বাংলার মহিলাদের উদ্দেশে তাঁর বার্তা— তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে।

রাজ্যের বর্তমান অবস্থাকে ‘মহাজঙ্গলরাজ’ বলে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “বাংলার মানুষ এই অপশাসনের জন্য তৃণমূলকে মহাসাজা দেবে।” তাঁর দাবি, বাংলার মা-বোনেরা আর এই সরকারকে চাইছে না। জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়ে কুর্মি সম্প্রদায়ের ভাবাবেগকে উস্কে দেন মোদী।

দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় তৃণমূল তাঁকে অপমান করেছে। বাংলার মানুষ এই অপমান সহ্য করবে না।” তৃণমূল সরকারকে ‘আদিবাসী বিরোধী’ বলেও তোপ দাগেন তিনি।

এদিন মহিলাদের জন্য বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন—বিজেপি ক্ষমতায় এলে বাংলার মা-বোনেরা পাবেন ‘মাতৃশক্তি ভরসা কার্ড’।

নাম না করে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকেও খোঁচা দেন মোদী। তিনি বলেন, “বাংলার সাধারণ মানুষই আসলে আসল বেঙ্গল টাইগার। যারা মানুষকে ভয় দেখাত, আজ তারাই ভয়ে কাঁপছে।” ৪ মে-র পর বাংলায় বড় পরিবর্তনের ইঙ্গিতও দেন তিনি।

মোদী অভিযোগ করেন, কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাংলার মেয়েদের কাছে পৌঁছাতে দিচ্ছে না রাজ্য সরকার। এমনকি তৃণমূল সরকার আদালতকেও মানছে না বলে দাবি করেন তিনি।

বাঁকুড়ার জনজোয়ার দেখে প্রধানমন্ত্রী দাবি করেন, এই ভিড়ই প্রমাণ দিচ্ছে যে বাংলার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। এখন দেখার, মোদীর এই জনসভা জঙ্গলমহলের ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =