সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ৯,সেপ্টেম্বর :: বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ওরফে ‘বাগেশ্বর বাবা’-র বিরুদ্ধে বাঙালি জাতিকে অপমানের অভিযোগ তুলে FIR দায়েরের সিদ্ধান্ত নিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাংলায় এসে ধীরেন্দ্র শাস্ত্রী বাঙালি জাতির প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন।
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে ভবানীপুর থানায় ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হবে। এ উপলক্ষে দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষকে ভবানীপুর থানার সামনে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, সমগ্র বাঙালি জাতিকে অপমান করার অধিকার কারও নেই। এই অভিযোগের প্রতিবাদে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে ধীরেন্দ্র শাস্ত্রী বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

