বাবার পারলৌকিক ক্রিয়াকর্ম চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, শোকস্তব্ধ নানুরের পাকুড়হাঁস গ্রাম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নানুর :: বৃহস্পতিবার ১২,মার্চ :: বীরভূমের নানুর ব্লকের পাকুড়হাঁস গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা। বাবার মৃত্যুর শোক এখনও কাটেনি, তারই মধ্যে পারলৌকিক ক্রিয়াকর্ম চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের।

এই ঘটনায় গোটা গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া । মৃত যুবকের নাম চিরঞ্জিত অধিকারী। তিনি নানুরের পাকুড়হাঁস গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় চিরঞ্জিতের বাবা সত্যেন অধিকারীর।বাবার শ্রাদ্ধসহ সমস্ত পারলৌকিক ক্রিয়াকর্ম যথাযথ নিয়ম মেনে সম্পন্ন করার দায়িত্ব নিয়েছিলেন তাঁর দুই ছেলে চিরঞ্জিত অধিকারী ও বিজয় চাঁদ অধিকারী। পরিবারের বড় ছেলে হিসেবে চিরঞ্জিতই সমস্ত আয়োজনের তদারকি করছিলেন।

তিনি নিয়ম অনুযায়ী সাদা থান কাপড় পরে বাড়ির বিভিন্ন কাজের দেখভাল করছিলেন। সেই সময় বাড়ির সাবমার্সিবল পাম্পটি খারাপ হয়ে যাওয়ায় তা মেরামতের জন্য একজন মিস্ত্রি ডাকা হয়।

কাজের সুবিধার জন্য একটি বাঁশ নিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে তৈরি করা প্যান্ডেলের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতা বশত একটি অস্থায়ী বিদ্যুতের তারে বাঁশের খোঁচা লাগে। সঙ্গে সঙ্গে তারটি নিচে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যে সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন চিরঞ্জিত।

ঘটনার পরপরই স্থানীয় গ্রামবাসীরা ছুটে এসে তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে নানুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ গ্রামে ফিরিয়ে আনা হলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও আত্মীয়স্বজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − one =