বার্নপুরে সেল আইএসপির উচ্ছেদ অভিযান ভাঙল আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলরের কার্যালয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বার্নপুর :: শনিবার ২৩,মে :: আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র র বার্নপুর স্টেশন সংলগ্ন কার্যালয় ভেঙে দিল সেল আইএসপি বা ইস্কো কারখানা কর্তৃপক্ষ।

শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একইসঙ্গে বার্নপুর এলাকায় সেলের জমিতে গড়ে ওঠা একাধিক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ও ক্লাব ঘরেও চালানো হয় উচ্ছেদ অভিযান।

সেল কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট কার্যালয় ও ক্লাবগুলি অবৈধভাবে সেলের জমি দখল করে নির্মাণ করা হয়েছিল।

বহুবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়ার পরেও দখলদাররা জায়গা খালি না করায় শেষপর্যন্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। এই প্রসঙ্গে সেলের এক আধিকারিক জানান, এদিন আচমকা কোনো অভিযান চালানো হয়নি।

প্রথমে নোটিশ দিয়ে সতর্ক করা হয় এবং নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও দেওয়া হয়েছিল।

এরপরেও যাঁরা নির্দেশ মানেননি, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতের উন্নয়নমূলক কাজ ও সাধারণ মানুষের স্বার্থে জায়গা খালি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল। ওই এলাকায় উন্নয়নমূলক পরিকাঠামো তৈরির পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।

অভিযান সফল করতে পুলিশের ভূমিকাও উল্লেখ করেন ওই আধিকারিক। তাঁর বক্তব্য, “বর্তমানে পুলিশের পূর্ণ সহযোগিতা পাচ্ছি বলেই আমরা এই পদক্ষেপ কার্যকরভাবে করতে পারছি। আগেও উচ্ছেদ অভিযান হয়েছে। তবে এবার প্রশাসন ও পুলিশের সমন্বয় আরও ভালোভাবে কাজ করছে।”

প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, সম্পূর্ণ আইন মেনেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং ভবিষ্যতেও অবৈধ দখলের বিরুদ্ধে একইভাবে অভিযান চলবে।

এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, আগের সরকার কোনো সহযোগিতা করেনি।

তাই সেল আইএসপি কর্তৃপক্ষ এই ধরনের অভিযান চালাতে পারেনি। এখন বিজেপির সরকার রয়েছে, তাই কোনো বেআইনি দখলদারকে ছাড় দেওয়া হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে সেল আইএসপি কর্তৃপক্ষ জমি দখলমুক্ত করার কাজ করছে বলেও দাবি করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =