নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শনিবার ৩০,মে :: ডায়মন্ড হারবারে রাজনৈতিক উত্তেজনার আবহে সামনে এল এক চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপি সমর্থন করার ‘অপরাধে’ এক বিজেপি কর্মী-সমর্থককে বেধড়ক মারধর, প্রাণনাশের হুমকি এবং দীর্ঘদিন আতঙ্কে রাখার অভিযোগ উঠেছে একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ডায়মন্ড হারবারে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডায়মন্ড হারবারের বাসিন্দা সৈকত দাস নামে এক বিজেপি কর্মী-সমর্থক।
তাঁর অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের কারণে তাঁকে মারধরের শিকার হতে হয়েছে। ঘটনার জেরে তিনি দীর্ঘদিন আতঙ্কে দিন কাটিয়েছেন বলেও দাবি করেছেন।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর অবশেষে সাহস সঞ্চয় করে অভিযুক্তদের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৮ ডিসেম্বর ২০২৫ সালে। অভিযোগ অনুযায়ী, ওই দিন ডায়মন্ড হারবারের কলেজপাড়া এলাকায় ‘জয় শ্রীরাম’ গান চালিয়েছিলেন সৈকত দাস। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ।
অভিযোগে নাম রয়েছে ডায়মন্ড হারবার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহা, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু হালদার এবং ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোক হালদারের।
ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগকারীর বক্তব্য নেওয়ার পাশাপাশি ঘটনার সময়কার সম্ভাব্য সাক্ষী, চিকিৎসা সংক্রান্ত নথি এবং অন্যান্য তথ্যও সংগ্রহ করা হতে পারে। প্রয়োজনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে জানা যাচ্ছে।

