নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৩১,মে :: বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের মেটাল ডিভিসি সংলগ্ন এলাকায় ধুন্ধুমার। বর্ধমানের মেটাল ডিভিসি মোড়ে অবস্থিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর এবং সশস্র হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ নামাতে হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন আচমকাই একদল দুষ্কৃতী লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে মেটাল ডিভিসি মোড়ের বিজেপি কার্যালয়ে চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা কার্যালয়ের দরজা-জানলা ভাঙচুর করে এবং ভিতরে থাকা আসবাবপত্র ও দলীয় নথিপত্র তছনছ করে।
অভিযোগ, হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজেপির জেলা নেতৃত্বের দাবি, এই হামলা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং এর পিছনে শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত রয়েছে।
এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাওয়ায় ভয় পেয়েই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই সশস্র হামলা চালিয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার খবর পেয়েই বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী এবং এলাকায় শান্তি ফেরাতে *র্যাফ নামানো হয়।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মেটাল ডিভিসি মোড় সংলগ্ন এলাকায় রুট মার্চ শুরু করে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে হলেও নিয়ন্ত্রণে রয়েছে। কোনো নতুন অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজেপি কার্যালয়ের সামনে এবং ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় কড়া পুলিশি পাহারা বসানো হয়েছে।

