নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: দুর্গাপুর ব্যারেজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার জেরে দ্রুত বাড়ছে নদীর জলস্তর।
ইতিমধ্যেই নদীর জল বিপৎসীমার ওপর দিয়ে বইতে শুরু করায় সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার পূর্ব বর্ধমানের বড়শুলের আশারঘাট ও জামালপুরের শঙ্খপুর ঘাটে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি পরিষেবা।
জানা গিয়েছে, দুর্গাপুর ব্যারেজ থেকে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল নদীতে এসে পৌঁছনোর পর দ্রুত বাড়তে শুরু করেছে জলস্তর। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেরি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুই পাড়ের মানুষের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিদিনের কাজে নদী পারাপার করা নিত্যযাত্রীদের ভোগান্তি বেড়েছে। বিকল্প পথে যাতায়ার করতে গিয়ে অতিরিক্ত সময় ও খরচ দুটোই গুনতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

