জকির আলী :: সংবাদ প্রবাহ :: ব্যান্ডেল :: শুক্রবার ১২,জুন :: আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হল বাংলার মুখ। হুগলির ব্যান্ডেল নলডাঙ্গার কৃতী ছাত্রী শালিনী দে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে এক অনন্য নজির স্থাপন করেছে।
আমেদাবাদে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৭২টি দেশের প্রায় ৬০০ জন প্রতিযোগীর মধ্যে সেরা হয়ে প্রথম স্থান অধিকার করে দেশের পাশাপাশি হুগলি জেলার নামও বিশ্ব দরবারে তুলে ধরেছে সে।
অত্যন্ত কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় নিজের অসাধারণ যোগ দক্ষতা, একাগ্রতা এবং নিখুঁত পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের মন জয় করে নেয় শালিনী।
শেষ পর্যন্ত সকল প্রতিযোগীকে পিছনে ফেলে সোনার পদক নিজের ঝুলিতে পুরে নেয় হুগলির এই মেধাবী কন্যা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে নেপাল এবং তৃতীয় স্থান পায় জাম্বিয়া।
বর্তমানে শালিনী হুগলি গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই যোগব্যায়ামের প্রতি তার গভীর আগ্রহ ছিল। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির জোরেই আন্তর্জাতিক মঞ্চে এই অসামান্য সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে তার পরিবার।
হুগলির এই গর্বের কন্যাকে নিয়ে এখন আশাবাদী সকলেই। আগামী দিনে দেশের হয়ে আরও বহু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নতুন সাফল্যের শিখর স্পর্শ করবে শালিনী—এমনই প্রত্যাশা জেলার মানুষের।

