বিষাক্ত শুঁয়ো পোকার দাপটে ঘরছাড়া পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর বাসিন্দারা, প্রশাসন নির্বিকার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: রবিবার ২৬,জুলাই :: শুঁয়ো পোকার ভয়াবহ উপদ্রবে চরম দুর্ভোগে পড়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-১ ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বড়কোবলা এলাকার বাসিন্দারা। গত প্রায় দু’সপ্তাহ ধরে এই সমস্যা ক্রমশ তীব্র আকার ধারণ করায় বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

রবিবার অভিযোগ, অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। এমনকি পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, কয়েকটি পরিবার বাধ্য হয়ে সাময়িকভাবে অন্যত্র আশ্রয় নিয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় ব্যাপক হারে পাট চাষের ফলে শুঁয়ো পোকার উপদ্রব বেড়ে গিয়েছে। পোকাগুলির শরীরের সূক্ষ্ম লোম বাতাসে উড়ে এসে খাবার, পানীয় জল এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসে পড়ছে। ফলে ত্বকে জ্বালা, চুলকানি, অ্যালার্জি-সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন এলাকার মানুষ।

বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতকে একাধিকবার জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের দাবি, সময়মতো এবং পর্যাপ্ত পরিমাণে কীটনাশক প্রয়োগ করা হলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

এলাকাবাসীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের আবেদন, অবিলম্বে প্রয়োজনীয় ওষুধ ছড়িয়ে শুঁয়ো পোকার উপদ্রব নিয়ন্ত্রণে আনা হোক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াক প্রশাসন। বর্তমানে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে বড়কোবলা এলাকার বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + five =