বীরভূমের বোলপুরের মকরমপুরে সাতসকালে পথ দুর্ঘটনা: লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত চালক, আহত ৪

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: বৃহস্পতিবারে ২১,মে :: সাতসকালেই পথ দুর্ঘটনার কবলে শান্তিনিকেতনের বোলপুর। লরি ও টোটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হলো এক টোটো চালকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩-৪ জন যাত্রী।

আজ, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুরের চার্চের সামনে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোর আনুমানিক ৫টা নাগাদ বোলপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে একটি টোটো মকরমপুরের দিকে যাচ্ছিল।

ঠিক সেই সময় বিপরীত দিক অর্থাৎ কঙ্কালীতলার দিক থেকে তীব্র গতিতে আসছিল একটি ৪০৭ মিনি লরি। মকরমপুর চার্চের সামনে আসতেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় টোটোটি কার্যত দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

টোটোয় থাকা বাকি যাত্রীরাও গুরুতর আঘাত পান। ভোরের আলো ফুটতেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তড়িঘড়ি খবর দেন বোলপুর থানায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় ৩-৪ জন যাত্রীকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার পরই ঘাতক মিনি লরিটিকে আটক করেছে পুলিশ। চালককেও হেফাজতে নেওয়া হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত টোটো চালকের পরিচয় জানার চেষ্টা চলছে।

সাতসকালের এই মর্মান্তিক দুর্ঘটনায় মকরমপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 8 =