নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: রবিবার ২৪,মে :: বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় শুক্রবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোট গ্রামের চাঁদের মাঠ সংলগ্ন পুকুরপাড়ে একটি বাঁশঝাড়ের পাশে থরে থরে সাজানো অবস্থায় বেশ কয়েকটি তাজা বোমা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা।
ঘটনাটি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর দ্রুত খবর দেওয়া হয় মল্লারপুর থানায়। খবর পেয়ে তড়িঘড়ি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ।
নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পুলিশ সূত্রে খবর, বাঁশঝাড়ের পাশ থেকে আনুমানিক ৩১টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কে বা কারা এই বিপুল পরিমাণ বোমা সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।

