নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: শুক্রবার ২৯,মে :: বুলডোজার নামার আগেই নিজেরাই রেলের জমি ছেড়ে দিলেন নলহাটির রেল লাইনের পাশে অবস্থিত ক্ষুদ্র ব্যবসায়ীরা। রেল কর্তৃপক্ষের নোটিশকে সম্মান জানিয়ে নির্ধারিত উচ্ছেদ অভিযানের একদিন আগেই, শুক্রবার স্বতঃস্ফূর্তভাবে লাইনের ধারের সমস্ত অস্থায়ী দোকানপাট তুলে নেন তারা।
জানা গেছে, নলহাটি রেলওয়ে এলাকার লাইনের পাশে দীর্ঘদিন ধরে ছোট ছোট ফল ও অন্যান্য ব্যবসা চালিয়ে আসছিলেন বহু মানুষ। সম্প্রতি রেলের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয়, আগামী ৩০ মে ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হবে।
সেই নোটিশ পাওয়ার পরই ব্যবসায়ীরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন, কোনও রকম জোরপূর্বক উচ্ছেদের অপেক্ষা না করে নিজেরাই জায়গা খালি করবেন। ব্যবসায়ীদের বক্তব্য, “যদি রেলের কোনও উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই জায়গার প্রয়োজন হয়, তাহলে নলহাটির স্বার্থে আমরা খুশি মনে জায়গা ছেড়ে দিচ্ছি।”
তবে একই সঙ্গে তারা রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষের কাছে বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে তাদের জীবিকা নির্বাহ করা সম্ভব হয়।
এই উচ্ছেদের ফলে সরাসরি ও পরোক্ষভাবে প্রভাব পড়েছে প্রায় দুই হাজার পরিবারের উপর। হঠাৎ করে জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকেই। আগামী দিনে কীভাবে সংসার চলবে, কোথায় নতুন করে ব্যবসা শুরু করবেন—তা নিয়ে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগে রয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
এখন সকলের নজর প্রশাসনের দিকে—এই বিপুল সংখ্যক মানুষের জন্য কোনও বিকল্প ব্যবস্থা করা হয় কিনা, সেটাই দেখার।

