নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: শনিবার ৯,মে :: রাজ্যে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর শনিবার উৎসবের আবহ দেখা গেল ডায়মন্ড হারবার বিধানসভা জুড়ে। সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস ও উদ্দীপনা।
শহরের বিভিন্ন এলাকায় মিষ্টিমুখ করানো থেকে শুরু করে আবির খেলা, পতাকা হাতে বিজয় মিছিল— সব মিলিয়ে কার্যত উৎসবে মেতে ওঠেন গেরুয়া শিবিরের কর্মীরা। শুধু রাজনৈতিক উচ্ছ্বাসেই থেমে থাকেননি বিজেপি কর্মী-সমর্থকেরা।
দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জাগ্রত হরিণডাঙ্গার কালী মায়ের মন্দিরে গিয়ে বিশেষ পুজো ও প্রার্থনার আয়োজন করেন তাঁরা। শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে সফল নেতৃত্ব এবং রাজ্যবাসীর শান্তি, নিরাপত্তা ও সুশাসনের কামনায় মায়ের কাছে পুজো দেন বিজেপি নেতা-কর্মীরা।
মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিজেপির একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থক। পুজো শেষে বিজেপি কর্মীরা মন্দির চত্বরে সাধারণ মানুষের মধ্যেও মিষ্টি বিতরণ করেন। “বাংলায় পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়েছে”— এমনই দাবি করতে শোনা যায় তাঁদের মুখে।
বিজেপি সমর্থকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বাংলার মানুষ রাজনৈতিক সন্ত্রাস, ভয় ও অশান্তির মধ্যে দিন কাটিয়েছেন। এবার বিজেপি সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাবে বলেই তাঁদের বিশ্বাস।
এদিন ডায়মন্ড হারবার শহরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের আনন্দ মিছিলও দেখা যায়। গেরুয়া পতাকা হাতে মোটরবাইক মিছিল বের করেন বহু সমর্থক। বিভিন্ন মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ এবং আতশবাজিরও আয়োজন করা হয়। বহু সাধারণ মানুষকেও এদিন বিজেপি কর্মীদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা যায়।

