ভাইপোর ছুরিকাঘাতে গুরুতর আহত কাকা, উত্তপ্ত গোবরডাঙ্গা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙ্গা :: শুক্রবার ৭,আগস্ট :: পারিবারিক বিবাদের জেরে ভাইপোর ছুরিকাঘাতে গুরুতর জখম হলেন এক কাকা। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বারাসাতে রেফার করা হয়।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার অন্তর্গত গোবরডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কর কেবিন এলাকায়।​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাকার সঙ্গে তাঁর ভাইয়ের পরিবারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলে আসছিল। এমনকি সেই বিরোধ আদালত পর্যন্ত গড়ায়।

তবে সম্প্রতি দুই পরিবারের মধ্যে মীমাংসা হয়ে যায় এবং সমস্ত আইনি অভিযোগ তুলে নেওয়া হয় বলেই জানা গিয়েছিল। ​কিন্তু হঠাৎই বৃহস্পতিবার কোর্ট থেকে একটি নোটিশ এসে পৌঁছায় কাকার কাছে। এই নোটিশের বিষয়ে কথা বলতে গেলে কাকা ও ভাইপোর সঙ্গে তাঁর বচসা শুরু হয়।

অভিযোগ, সেই সময়ই উত্তেজিত হয়ে ভাইপো রাজা গুরুথানি হাতের কাছে থাকা একটি ধারালো ছুরি দিয়ে সজোরে কাকা রাম গুরুথানির পেটে বসিয়ে দেয়। আকস্মিক এই হামলায় গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন কাকা রামবাবু।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে দ্রুত হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে বারাসাত হাসপাতালে রেফার করেন।

​ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তৎপর হয় পুলিশ। গোবরডাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ভাইপো রাজা গুরুথানিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই জঘন্য কাণ্ডে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 7 =