নিজেস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রবিবার ২৬,এপ্রিল :: ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় গত মার্চ মাসের ১৯ তারিখ ঘটে যাওয়া বোমা বিস্ফোরণ কাণ্ডে নাম জড়িয়েছিল তৃণমূল নেতা ওহিদুল ইসলামের।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।
অভিযোগ, দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর শনিবার রাতে হঠাৎই এলাকায় দেখা যায় ওহিদুল ইসলামকে। বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। ঘটনাটি ঘটে চক মরিচা তেতুলতলার ঘাট এলাকায়।
যদিও আইএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওহিদুল ইসলামই বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত এবং দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বিজয়গঞ্জ থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে নালমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

