নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: শনিবার ২৫,এপ্রিল :: দেশ ও বিশ্বের শান্তি ও কল্যাণের প্রার্থনা বুকে নিয়ে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা দিলেন পুরুলিয়ার ২৫ জন হজযাত্রী। পুরুলিয়া শহরসহ জেলার বিভিন্ন প্রান্তের এই পুণ্যার্থীরা শুক্রবার পুরুলিয়া রেলস্টেশন থেকে কলকাতার হজ হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
জানা গিয়েছে, এই বছর পুরুলিয়া জেলা থেকে মোট ২৫ জন হজযাত্রী মক্কায় যাচ্ছেন। যার মধ্যে ২৩জন পুরুষ ও মহিলা হজযাত্রী আজ একসাথে পুরুলিয়া স্টেশন থেকে রওনা দেন।
বাকি ২ জন পুণ্যার্থী গতকালেই অগ্রিম রওনা হয়ে গিয়েছেন। সব মিলিয়ে জেলা থেকে এই দলটি পবিত্র মক্কা শহরের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন।
আজ হজযাত্রীদের বিদায় জানাতে পুরুলিয়া রেলস্টেশনে ভিড় জমান তাঁদের আত্মীয়-পরিজন ও অসংখ্য ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। স্টেশনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সাধারণ মানুষ হজযাত্রীদের ফুলের মালা পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান।
মক্কা যাত্রার প্রাক্কালে পুরুলিয়া রেলস্টেশন চত্বরে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সেখানে সমবেত সকলে মিলে *দেশ তথা সমগ্র বিশ্বের শান্তি, স্থিতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির*কামনায় প্রার্থনা করেন।
হজযাত্রীরাও জানান, পবিত্র কাবা শরিফে গিয়ে তারা সকলের মঙ্গল এবং শান্তির জন্য বিশেষ প্রার্থনা করবেন। পুরুলিয়া থেকে ট্রেনে করে এই দলটি প্রথমে কলকাতার *হজ হাউসে * পৌঁছাবেন।
সেখানে প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার পর, তাঁরা আকাশপথে সৌদি আরবের মক্কা শহরের উদ্দেশ্যে পাড়ি দেবেন।

