সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ির :: শনিবার ৫,সেপ্টেম্বর :: ভাঙারি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিকিমের মদ উদ্ধার করল আবগারি দপ্তর। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০লক্ষ ১২হাজার ৫০০টাকা। অভিযানের পর গোডাউনটি সিল করে দেওয়া হয়েছে।
শুক্রবার স্পেশাল এক্সাইজ কমিশনার এনফোর্সমেন্ট নর্থ বেঙ্গল সুজিত দাসের কাছে গোপন সূত্রে খবর আসে,মাটিগাড়া থানার অন্তর্গত তুম্বাজোত-শিশুডাঙ্গি এলাকায় একটি ভাঙারি গোডাউনে বিপুল পরিমাণ অবৈধ সিকিমের মদ মজুত করা হয়েছে।
খবরের ভিত্তিতে সুজিত দাসের নেতৃত্বে জলপাইগুড়ি আবগারি বিভাগের একটি দল ওই গোডাউনে অভিযান চালায়।অভিযানে গোডাউন থেকে উদ্ধার হয় ৪৫কার্টুন অবৈধ সিকিমের মদ। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদের বাজারমূল্য প্রায় ১০লক্ষ ১২হাজার ৫০০টাকা।
তবে অভিযানের সময় আবগারি আধিকারিকদের উপস্থিতি টের পেয়ে গোডাউনে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর গোডাউনটি সিল করে দেয় আবগারি দপ্তর। উদ্ধার হওয়া মদের বোতলগুলি বাজেয়াপ্ত করে আবগারি দপ্তরের হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে আবগারি আধিকারিকদের অনুমান,সিকিম থেকে মদ এনে রাতের অন্ধকারে শিলিগুড়ি কিংবা বিহারে পাচারের উদ্দেশ্যেই ওই গোডাউনে মজুত করা হয়েছিল।এই অবৈধ মদ পাচার চক্রের সঙ্গে কারা জড়িত,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।

