নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বুধবার ২৯,জুলাই :: ভুতুড়ে চোরের কুকীর্তি। প্রায় ৮ লক্ষ টাকার সোনার গহনা নগদ ৩০ হাজার টাকা চুরি হয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই গৃহস্থের বাড়িতে অর্ধেক গহনা এবং নগদ টাকা ফিরিয়ে দিল ভুতুড়ে চোর।
নদিয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকার ঘটনা। গত সোমবার ওই এলাকার বাসিন্দা স্মাইল শেখের বাড়িতে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা, প্রায় ৮ লক্ষ টাকার সোনার গহনা এবং ৫০ হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করে।
২৪ ঘন্টার মধ্যে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই তাদের বারান্দায় কালো প্যাকেট করে গলার একটি সোনার চেন, একজোড়া কানের, দুই জোড়া বালা, এবং একটি আংটি সহ ২৭০০ টাকা ছুড়ে ফেলে দিয়ে যায় কে বা কারা।
শব্দ শুনেই পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে এসে দেখে পড়ে রয়েছে একটি কালো প্যাকেট, আর তার মধ্যেই পাওয়া যায় এই সমস্ত সোনার অলংকার এবং নগদ অর্থ। পরিবারের অভিযোগ, চুরির ঘটনার পর তাদের সন্দেহ হয়েছিল প্রতিবেশী কেউবা কারা এই ঘটনার সাথে যুক্ত।
লিখিত অভিযোগের মধ্যে দিয়ে জানানো হয়েছিল পুলিশকে। তবে এখনো একটি গলার চেন, দুটি আংটি এবং নগদ ত্রিশ হাজার টাকা সহ লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকা রয়েছে এই চোরের কাছে। পুলিশ সঠিক তদন্ত করলে চুরি যাওয়া সমস্ত কিছু ফেরত পাওয়া সম্ভব।
অন্যদিকে ভুতুড়ে চোরের কুকীর্তি নিয়ে এখনো আতঙ্কিত এলাকার মানুষ। পুলিশ প্রশাসনের উপর আস্থা রয়েছে পরিবারে। এখন দেখার এই ভুতুড়ে চোরের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় শান্তিপুর থানার পুলিশ।

