জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ২৯,জুলাই :: ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান রিতু সিংয়ের স্বামী তথা তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় সাতজনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।
জমি বিবাদের জেরে ৩ লক্ষ টাকার সুপারি দিয়ে এই খুনের ছক কষা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। তবে মূল অভিযুক্ত শকুন্তলা যাদব ওরফে সমুন্দ্রি যাদব এবং তার ছেলে আজাদ এখনও পলাতক।
২০১৯ সালের ২৯ জুন সকালে ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ওঠার সময় পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দিলীপ রামকে গুলি করে খুন করা হয়। আতঙ্ক ছড়াতে দুষ্কৃতীরা আকাশেও গুলি চালায়। প্রথমে ব্যান্ডেল জিআরপি এবং পরে চুঁচুড়া থানার পুলিশ তদন্তের দায়িত্ব নেয়।তদন্তে প্রকাশ, সমুন্দ্রি যাদব সুপারি কিলার ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটায়। মামলায় ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালানো হয়েছিল বলে ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ মেলে।
মোট ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে, যার মধ্যে ৭ জনকে ভারতীয় দণ্ডবিধির ৩০২-সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেন বিচারক কৌস্তভ মুখার্জি।
দোষী সাব্যস্তরা হলেন— মহঃ নাসিম ওরফে গুড্ডু, মহঃ মানু, মহঃ সানু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডেক এবং মহঃ আকবর।
রায়ে সন্তোষ প্রকাশ করে নিহতের স্ত্রী রিতু সিং বলেন, পুলিশ ও সরকারি আইনজীবীর ভূমিকায় তিনি সন্তুষ্ট। পাশাপাশি, পলাতক অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

