নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৯,জুলাই :: মুখ থুবড়ে পড়ে আছে কোটি টাকার প্রকল্প। আবর্জনার স্তূপে সমগ্র এলাকা।তৃণমূল আমলে হওয়া কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উঠেছে প্রশ্ন।দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি।সাফাই তৃণমূলের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার হলদিবাড়ি যাওয়ার রাস্তায় এক বছর আগে কোটি টাকা ব্যয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী তাজমুল হোসেন।যেখানে বলা হয়ে ছিল বাড়ি বাড়ি টোটো গিয়ে আবর্জনা নিয়ে আসবে।জৈব আবর্জনা থেকে তৈরি হবে সার।
সেই সার তৈরির দায়িত্বে থাকবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।কিন্তু এই মুহূর্তে বন্ধ সম্পূর্ণ প্রকল্প। হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েতে পড়ে রয়েছে আবর্জনা সংগ্রহকারী টোটো গুলি। অন্যদিকে সমগ্র হরিশ্চন্দ্রপুর কার্যত আবর্জনায় ঢেকে যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের পেছনে আবর্জনার পাহাড়।
অন্যান্য এলাকায় বিভিন্ন রাস্তার ধারে আবর্জনা। দুর্গন্ধ থেকে শুরু করা মশা মাছির উপদ্রব। অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
তাদের দাবি দ্রুত এই প্রকল্প চালু হোক। অন্যদিকে এই ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূল আমলে এই ধরনের প্রকল্প হতো শুধুমাত্র কাটমানির জন্য। কাজের কাজ না হয়ে তৃণমূল নেতাদের পকেট ভরত।

