নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: বৃহস্পতিবার ৭,মে :: সোনারপুর এলাকায় ভোট-পরবর্তী রাজনৈতিক উত্তেজনার আবহের মধ্যেই ফের নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তর গঙ্গা জোয়ার এলাকায় তিনটি দোকান জোরপূর্বক বন্ধ করে তালা মেরে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে দোকান গুলির তালা খুলে দেয় এবং ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিলে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত কিংবা বৃহস্পতিবার ভোরের দিকে কয়েকজন ব্যক্তি এসে এলাকার তিনটি দোকান বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। ব্যবসায়ীদের দাবি, তাঁদের দোকান খুলতে বাধা দেওয়া হয় এবং ভয় দেখানো হয়। সকাল হতেই ঘটনাটি ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয় ব্যবসায়ীদের মধ্যে। অনেকেই আশঙ্কা প্রকাশ করেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে।
ঘটনার খবর পেয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা এলাকায় পৌঁছন। তারা দোকানের তালা খুলে দেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের ঘটনার সঙ্গে দলের কোনও প্রকৃত কর্মী জড়িত নয়। বরং তৃণমূলের কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। বিজেপির এক নেতা বলেন, “ভোটের পর তৃণমূলের কিছু লোক ভোল বদল করে বিজেপির পতাকা হাতে নিয়ে ঘুরছে।
উদ্দেশ্য হল বিজেপির ভাবমূর্তি নষ্ট করা এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। যারা দোকান বন্ধ করেছে, তারা বিজেপির কেউ নয়।” তিনি আরও বলেন, “দলের নাম ভাঙিয়ে সাধারণ মানুষের ক্ষতি করা হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

