ভোট পরবর্তী হিংসার মামলা/ গ্রেফতার রানিগঞ্জের তৃণমূলের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা ও শ্রমিক নেতা বিবেক মণ্ডল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীগঞ্জ :: বুধবার ২৪,জুন :: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সংঘটিত হামলা ও বিজেপি কর্মীদের উপর আক্রমণের ঘটনার অভিযোগে অভিযুক্ত

রানিগঞ্জের এগরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অশোক হেলা এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা বিবেক মণ্ডলকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। মঙ্গলবার তাদেরকে রানিগঞ্জে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পরে বুধবার আসানসোল জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রানিগঞ্জ থানায় ধৃতদেরকে রাখা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা ছিল। সেই কারণে বুধবার সকালে দুই নেতাকে আসানসোল দক্ষিণ থানায় স্থানান্তর করা হয়।

পরে আসানসোল দক্ষিণ থানা থেকে কড়া নিরাপত্তার মধ্যেই তাঁদের আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে প্রবেশের সময় দু’জনকেই মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই অশোক হেলা ও বিবেক মণ্ডলের বিরুদ্ধে এলাকায় দাদাগিরি, সন্ত্রাস, নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া, মহিলাদের ওপর অত্যাচার, ভয় দেখিয়ে মারধর করে জমি দখল এবং এলাকায় প্রভাব বিস্তারের মতো একাধিক অভিযোগ রয়েছে।

বুধবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি আলোচনা না হলেও প্রশাসনের পক্ষ থেকে চুপিসারে দুই নেতাকে আদালতে পেশ করা হয়। ঘটনার জেরে রানীগঞ্জ ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =