নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ৭,মে :: গভীর রাতে পুড়িয়ে দেওয়া হলো তপসিখাতার বাঁশের সাঁকো , রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব।
কাল রাত দুটো আড়াইটার দিকে কেউ বা কারা রাতের অন্ধকারে পুড়িয়ে দিলো অনেকদিন ধরে চর্চায় থাকা আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের তপসীখাতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তপসীখাতা কালজানী নদীর ওপরের বাঁশের সাঁকো।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায় যে নদীর ওপর বাঁশের সাঁকোটি একদম নদীর মাঝ বরাবর কেউ বা কারা মাঝখান থেকে পুড়িয়ে দিয়েছে। এই নদীর ওপর বাঁশের সাঁকো ছিলো বহুদিনের। এলাকাবাসীরা ক্ষুব্ধ, কারণ প্রচুর ছাত্র ছাত্রীরা এবং প্রচুর ব্যবসায়ীরা কিন্তু এই বাঁশের সাঁকোর ওপর নির্ভরশীল ।
কিন্তু আজ যে ঘটনাটি ঘটলো সেটা সত্যিই অনভিপ্রেত। এই নিন্দনীয় ঘটনার জেরে ভুগতে হবে নিরপরাধ গ্রাম বাসীদের। কদিন ধরেই বিক্ষিপ্ত সব অশান্তির ঘটনা ঘটছিল, কিন্তু কাল রাতে যেটা ঘটলো সেটা পুরো গ্রামের ওপর আঘাত,
কারণ কালজানী নদীর ওপর থাকা যে বাঁশের সাঁকো সেটা অনেকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে, আর গত কাল রাতে তার ওপরই নেমে এলো চরম আঘাত, ছোট ছোট শিশু থেকে কলেজ ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ যেতে পারবেনা, যারা ছোট ব্যবসায়ী তারা নদী পার হয়ে হাটে বাজারে যেতে পারবেন না,
বিশেষ করে দুর্ভোগের শিকার হবেন যারা হাসপাতালে যাবেন তারা অনেক খানি পথ ঘুরে তারপর গন্তব্যে পৌঁছবে। বিজেপির আলিপুরদুয়ার জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার দীপক কার্জী দাবী করলেন যে, এই ঘটনা ভোট পরবর্তী হিংসার ঘটনা, আমাদের পুরো গ্রাম এফেক্টেড।
আমরা সঠিক তদন্ত চাই এবং গ্রামবাসীদের দাবী যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। গ্রামবাসী হিসেবে নিখিলেশ সরকার বলেন আমাদের গ্রামের কয়েক হাজার মানুষ এই বাঁশের সাঁকো ব্যবহার করে এপার ওপার হতো কিন্তু কিছু অজ্ঞাত দুষ্কৃতীর জন্যে আজ স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।
অবিলম্বে দোষীদের শাস্তি চাই এই মর্মে দাবী উঠছে,গ্রাম বাসীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। আপাতত এলাকায় পুলিশ রয়েছে কিন্তু এলাকায় চাপা উত্তেজনা রয়েছে , পুরো এলাকা থমথমে হয়ে রয়েছে।

