নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: বৃহস্পতিবার ৭,মে :: ডায়মন্ড হারবার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেই আবহেই এই ঘটনাকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে একদল দুষ্কৃতী আচমকাই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা চালায়।
অভিযোগ, বাড়ির দরজা-জানালা ভাঙচুর করা হয়, আসবাবপত্র তছনছ করা হয়। এমনকি পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হঠাৎ এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সকালে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। তিনি আক্রান্ত প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে দেখা করেন, তাঁর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
রাজনৈতিক বিভাজন ভুলে এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক কুমার হালদার স্পষ্ট ভাষায় জানান, এই ভাঙচুরের ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।
তাঁর দাবি, “ভোটের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের অনেক নেতা-কর্মী আচমকাই দল বদল করে বিজেপির নাম ব্যবহার করছে।
তারাই গেরুয়া আবির মেখে, বিজেপির পতাকা হাতে নিয়ে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ছে। বিজেপির প্রকৃত কর্মীরা কখনও এমন কাজ করে না।”
তিনি আরও জানান, এই ঘটনার বিষয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিজেপি। “আইন আইনের পথে চলবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক,”—বলেন তিনি।

