মগরাহাটে সিপিএমের ডেপুটেশন ঘিরে উত্তেজনা, বিধায়ক শর্মিষ্ঠা পুরকায়েতকে নিয়ে বিক্ষোভ ও বাকবিতণ্ডা

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: মঙ্গলবার ৭,জুলাই :: মগরাহাটে সিপিএমের ডাকা ১৩ দফা দাবিতে বিডিও অফিস অভিযান ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনার সৃষ্টি হয়।

বিডিও অফিসের সামনে আয়োজিত সভামঞ্চ থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক শর্মিষ্ঠা পুরকায়েতকে লক্ষ্য করে বক্তব্য রাখা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, সেই বক্তব্যের প্রতিবাদ জানাতে বিধায়ক শর্মিষ্ঠা পুরকায়েত সরাসরি সভামঞ্চের পাশেই পৌঁছে যান। এরপর সিপিএম কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বিধায়ককে ঘিরে “চোর, চোর” স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। নিরাপত্তার স্বার্থে বিধায়ককে সেখান থেকে সরিয়ে বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর বিধায়ক শর্মিষ্ঠা পুরকায়েত বলেন, “আমি সদ্য বিধায়ক হয়েছি। এখনও সেভাবে কাজ করার সুযোগই পাইনি। অথচ সভা থেকে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছিল। সেই কারণেই আমি প্রতিবাদ জানাতে সেখানে গিয়েছিলাম।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সিপিএম নেতৃত্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিডিওর কাছে ১৩ দফা দাবিসংবলিত স্মারকলিপি জমা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =