মন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহারে সফরে এলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ১৭,সেপ্টেম্বর :: মন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহারে সফরে এলেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। কোচবিহার শহরে এসে সাগরদিঘির পাড়ে অবস্থিত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবন পরিদর্শন করেন তিনি।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী কুমার রায়, বিধায়ক সুকুমার রায়-সহ সংস্থার আধিকারিকরা। পরিবহন ভবনে প্রবেশের আগে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তিতে মাল্যদান করেন মন্ত্রী। এরপর সংস্থার আধিকারিক ও বিধায়ককে নিয়ে বৈঠক করেন তিনি।

বৈঠকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিষেবা, বাসের সংখ্যা, কর্মী সংকট এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শন শেষে পরিবহন প্রতিমন্ত্রী জানান, স্বাধীনতার আগেই কোচবিহারের মহারাজার উদ্যোগে এই পরিবহন সংস্থা তৈরি হয়েছিল।

বর্তমানে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে সংস্থার বাসের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে বাসের সংখ্যা বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। পুজোর আগেই সংস্থার বহরে আরও বাস যুক্ত হবে।

পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংস্থার যে জমি বর্তমানে অব্যবহৃত অবস্থায় রয়েছে, সেই জমিগুলিতে আধুনিক পরিকাঠামো সম্বলিত অত্যাধুনিক টার্মিনাস তৈরির পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।এছাড়াও সংস্থার কর্মী সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

মন্ত্রীর দাবি, সংস্থায় প্রায় ৩০ হাজার কর্মীর প্রয়োজন থাকলেও বর্তমানে স্থায়ী কর্মীর সংখ্যা মাত্র প্রায় ৩ হাজার। ফলে অস্থায়ী কর্মীদের মাধ্যমে কোনওরকমে পরিষেবা সচল রাখা হচ্ছে। দ্রুত শূন্যপদ পূরণের বিষয়েও রাজ্য সরকার নজর দিচ্ছে বলে জানান পরিবহন প্রতিমন্ত্রী।

মন্ত্রী হওয়ার পর প্রথম কোচবিহার সফরে এসে পরিবহন সংস্থার পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের একাধিক পরিকল্পনার কথা তুলে ধরায় এদিনের সফরকে ঘিরে গুরুত্ব পায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী ও আধিকারিকদের মধ্যেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 4 =