ময়নাগুড়িতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষককে মারধর, গ্রেপ্তার শিক্ষক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: শনিবার ১৫,আগস্ট :: ময়নাগুড়িতে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক প্যারা টিচারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষককে স্কুল চত্বরেই মারধরের অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।

পরে ময়নাগুড়ি থানার পুলিশ বিক্ষোভকারীদের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম উত্তম সরকার। তিনি বার্নিশ এলাকার একটি হাই স্কুলের প্যারা টিচার।

অভিযোগ, বুধবার সন্ধ্যায় পড়াশোনা বোঝানোর কথা বলে ওই ছাত্রীকে বাইকে করে জলঢাকার দিকে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে শ্লীলতাহানি করেন উত্তম সরকার।

বৃহস্পতিবার ছাত্রীটি স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। খবর পেয়ে অভিভাবক ও গ্রামবাসীরা স্কুলে এসে অভিযুক্তের উপর চড়াও হন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। অভিযোগ অস্বীকার করেছেন উত্তম সরকার।

ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অভিযুক্তকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 7 =