জাকির আলী :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: সোমবার ২০,জুলাই :: মহিলা কামরায় উঠে এক যাত্রীকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম গণেশ কুমার। গুরুতর জখম হন রোশনি কুমারী নামে ওই মহিলা।
ঘটনাটি ঘটে রাত ৮টা ১০ মিনিটে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঠিক কী কারণে ওই মহিলা যাত্রীকে ঠেলে ফেলা হলো? তদন্ত শুরু করেছে পুলিশ। যুবককে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেনে ওই মহিলা যাত্রা করছিলেন। হঠাৎ অভিযুক্ত যুবক মহিলা কামরায় উঠে পড়ে। গুরুতর আহত মহিলা যাত্রী হুগলির রিষড়ার প্রভাষ নগরের বাসিন্দা। ট্রেন থেকে পড়ে যাওয়ার ফলে তাঁর একটি হাত ভেঙে যায়।
এছাড়াও পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থল থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

