সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: শিলিগুড়ি পুলিশের সঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে মাটিগাড়ার ওয়েবেল আইটি পার্ক থেকে একটি ফেক কল সেন্টারের হদিস মিলেছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ওই এলাকায় বড়সড় অভিযান চালায় পুলিশ।
অভিযানে ডেপুটি কমিশনার অফ পুলিশ -সহ পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং STF-এর সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই কল সেন্টারের মাধ্যমে বিদেশি নাগরিকদের টার্গেট করে প্রতারণামূলক ফোন করা হত বলে অভিযোগ।
বিভিন্ন কৌশল ব্যবহার করে বিদেশিদের সঙ্গে যোগাযোগ করা এবং তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।
অভিযানের সময় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করার পাশাপাশি কল সেন্টার থেকে বিভিন্ন সামগ্রী, নথিপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে।
আজ গ্রেফতার হওয়া ১২ জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। তাঁদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৪ জন মহিলা রয়েছেন। পুলিশ সূত্রের দাবি, অভিযুক্তদের অধিকাংশই অপেক্ষাকৃত কমবয়সি।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিন ধরেই এই কল সেন্টার থেকে বিদেশি নাগরিকদের টার্গেট করে প্রতারণামূলক কল চালানো হচ্ছিল।
এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, প্রতারণার মাধ্যমে মোট কত টাকার লেনদেন হয়েছে এবং এর পিছনে কোনও বড়সড় নেটওয়ার্ক রয়েছে কি না—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

