নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: মঙ্গলবার ১৬,জুন :: মাথাভাঙ্গা মহকুমায় তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST) শংসাপত্রের স্বচ্ছতা ও বৈধতা যাচাইয়ের দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বিজেপির তফসিলি জাতি মোর্চা, কোচবিহার জেলা শাখা।
সোমবার জমা দেওয়া ওই স্মারকলিপিতে দাবি করা হয়েছে, পূর্ববর্তী রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সময় বিপুল সংখ্যক এসসি ও এসটি শংসাপত্র ইস্যু করা হয়েছিল। এর মধ্যে কিছু শংসাপত্র অযোগ্য ব্যক্তিদের প্রদান করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
স্মারকলিপিতে মহকুমা জুড়ে জারি হওয়া এসসি ও এসটি শংসাপত্রগুলির পূর্ণাঙ্গ যাচাই ও তদন্তের দাবি জানানো হয়েছে।
পাশাপাশি, তদন্তে কোনও ভুয়ো বা বেআইনি শংসাপত্রের প্রমাণ মিললে তা বাতিল করা, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে অনিয়ম রোধে স্বচ্ছ নজরদারি ব্যবস্থা গড়ে তোলার আবেদন জানানো হয়েছে।
বিজেপির তফসিলি জাতি মোর্চার দাবি, প্রকৃত সুবিধা ভোগীদের সাংবিধানিক অধিকার ও সংরক্ষণের সুবিধা সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ জরুরি। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

