নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: সোমবার ৩,আগস্ট :: হরিরামপুর থানার একটি মাদক মামলার সূত্র ধরে মালদায় গড়ে ওঠা পাচারচক্রের ঘাঁটিতে হানা দিয়ে নজিরবিহীন সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।
অভিযানে উদ্ধার হয়েছে নগদ ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা, ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ, প্রায় ২০ গ্রাম সোনা, একটি টাকা গোনার মেশিন, একটি চারচাকা গাড়ি এবং সাতটি মোবাইল ফোন।
এই ঘটনায় মালদার তিন বাসিন্দা পিন্টু সরকার, গোপাল চাকি ও সুশান্ত হালদারকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা জানান, জুলাই মাসে হরিরামপুর থানার পুলিশ গোপন সূত্রে প্রায় দেড় হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছিল।
সেই ঘটনায় গঙ্গারামপুরের বাসিন্দা মৃদুল ঘোষকে গ্রেফতার করা হয়। তদন্তে ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই মালদার এই বৃহৎ মাদক পাচারচক্রের হদিস মেলে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পাওয়া তথ্যের ভিত্তিতে মালদহ জেলা পুলিশের সহযোগিতায় পুরাতন মালদার একটি গুদামে অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর জেলার বিশেষ পুলিশ বাহিনী। দীর্ঘ তল্লাশির পর বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি উদ্ধার হয় নিষিদ্ধ কাফ সিরাপ ও অন্যান্য সামগ্রী।
তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া নগদ অর্থের সঙ্গে মাদক পাচারের সরাসরি যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ধৃতদের জেলা আদালতে তোলা হবে এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

