নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১৬,সেপ্টেম্বর :: রবিবারের পর বুধবার ফের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ১০ ট্রাক ত্রাণসামগ্রী জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
সকাল ১১টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে একাধিক গাড়িতে করে ত্রাণসামগ্রী ভূতনির উদ্দেশে রওনা দেয়। উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা ইংলিশবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরি, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-র জেলা সভাপতি উজ্জ্বল সাহা,
সহ-সভাপতি সুভাষ হালদার, যুগ্ম সম্পাদক শৈলেশ বিশ্বাস, তথ্যপ্রযুক্তি শাখার ভারপ্রাপ্ত সম্প্রীত চক্রবর্তী, কার্যকরী সদস্য অবিনাশ সাহা, সদস্য সৌম্যদীপ চৌধুরী, অমিত ঘোষ-সহ অন্যান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন শিল্পোদ্যোগী বিধান রায়, বিকাশ শর্মা ও রাজেন্দ্র জৈন।
ব্যবসায়ী সংগঠনগুলির পক্ষ থেকে বানভাসি মানুষের জন্য চাল, ডাল, আলু, বেবি ফুড, মশারি, চাদর-সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়। বন্যার এই কঠিন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী মহলের এই উদ্যোগ দুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

