নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৪,জুলাই :: মালদায় ক্যাম্পে গুলি কাণ্ডে বিএসএফ জওয়ান শিবম কুমার মিশ্রকে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গুলি কান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ধৃত ওই বিএসএফ জওয়ানকে আজ তোলা হয়েছে মালদা জেলা আদালতে।
আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। যদিও আদালতে তোলার পথে কি কারণে খুন এনিয়ে সাংবাদিকদের প্রশ্নে নিরুত্তর থাকে ওই জওয়ান।
এর আগে গতকাল বিকেল নাগাদ মালদহের বৈষ্ণবনগরে বিএসএফ হেড কোয়াটারে শিবম মিশ্র নামে ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের ওই জওয়ানের বিরুদ্ধে আচমকা গুলি চালিয়ে ৭১ নম্বর ব্যাটেলিয়ানের দুই বিএসএফ জওয়ানকে খুনের অভিযোগ ওঠে।
তার গুলিতে গুরুতর জখম আরও এক জওয়ানের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনার পরে শিবমকে ধরে ফেলে অন্য জওয়ানরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের তদন্তকারীরা।
এরপরেই তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, হতাশাজনিত কারণে এই খুনের ঘটনা। যদিও খুনের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।

