মালদার ইংরেজ বাজারের শান্তা দেব্যা হাইস্কুলে পড়াশোনা বন্ধ। এমনকি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পর্যন্ত হয়নি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ১২,আগস্ট :: কেন্দ্রীয় বাহিনী থাকায় প্রায় চার মাস ধরে বন্ধ হয়ে রয়েছে স্কুল। ভোট মিটে গেলেও সরেনি বাহিনী। মালদার ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলে পড়াশোনা বন্ধ। এমনকি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পর্যন্ত হয়নি।

প্রশাসনের দ্বারস্থ হয়ে অবিলম্বে স্কুল খোলার আর্জি জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। ভোট মিটলেও এখনও অশান্তি মোকাবিলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে মালদায়।

এই বাহিনীকে রাখা হয়েছে ইংরেজবাজারের শান্তা দেব্যা হাইস্কুলে। মালদায় বিধানসভা ভোট হয়েছিল ২৩শে এপ্রিল।

জানা গিয়েছে, এর আগে ১৪ই এপ্রিল প্রথমবার কেন্দ্রীয় বাহিনী আসে স্কুলে। ভোট পর্ব মিটে যাওয়ার পর গরমের ছুটির মধ্যে কয়েকদিন বাহিনী সরে যায়। ১ জুন স্কুল খুলেছিল। কিন্তু, ১৩ ই জুন ফের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়ে রাখা হয় এই স্কুলে। ওই বাহিনী এখনও থাকছে স্কুলেই।

চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সমস্ত স্কুলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হয়েছে। কিন্তু, বাহিনী থাকায় এই স্কুলে পরীক্ষা নেওয়া যায়নি। পরীক্ষার জন্য পড়াশোনা পর্যন্ত এগোয়নি। ফলে ব্যাপক সমস্যায় পড়ুয়ারা।

জানা গিয়েছে, শান্তা দেব্যা হাইস্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা সাড়ে আটশো-র বেশি। এছাড়া রয়েছেন ১৭ জন শিক্ষক, দুইজন পার্শ্ব শিক্ষক, তিনজন অশিক্ষক কর্মচারী। স্কুলের বেশিরভাগ ছাত্রই মধ্যবিত্ত পরিবারের।

যাদের পক্ষে স্কুল বন্ধ থাকলে প্রাইভেট টিউশন পড়াও কঠিন। এই অবস্থায় পড়ুয়া এবং অভিভাবকরা চাইছেন দ্রুত স্কুল খুলুক। আবার স্বাভাবিক পড়াশোনা শুরু হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =